শিরোনাম :
ডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ: জাল জন্ম নিবন্ধনের অভিযোগ অস্বীকার, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
- পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন ফকিরের বিরুদ্ধে একটি চক্র ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে বলে অভিযোগ উঠেছে। এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী কর্মকর্তা।
সাখাওয়াত হোসেন ফকিরের দাবি, একটি স্বার্থান্বেষী মহল তাকে হয়রানি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ভুয়া ও জাল জন্ম নিবন্ধন কার্ড তৈরি করে তার নামে অপপ্রচার চালাচ্ছে।
পাসপোর্ট অফিসের তথ্যে মিলল সত্যতা
ফেসবুকে একটি পক্ষ দাবি করেছিল যে, ডাঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া কথিত ওই জন্ম নিবন্ধন কার্ড ব্যবহার করে অনেকেই পাসপোর্ট তৈরি করে বিদেশে চলে গেছেন। তবে অনুসন্ধানে ও নরসিংদী পাসপোর্ট অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, ওই বিতর্কিত জন্ম নিবন্ধন কার্ড ব্যবহার করে কোনো পাসপোর্টই তৈরি করা হয়নি। ফলে অপপ্রচারকারীদের দাবির কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়নি।
‘ফেসবুক সাংবাদিক’দের মোটা অঙ্কের টাকা দাবি
ভুক্তভোগী প্রশাসনিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন ফকির আরও অভিযোগ করেন, কথিত কিছু ‘ফেসবুকধারী সাংবাদিক’ এই মিথ্যা ইস্যুকে কেন্দ্র করে তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তারা সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে এই বানোয়াট প্রোপাগান্ডা ছড়াচ্ছেন।
কান্নায় ভেঙে পড়লেন কর্মকর্তা
এ বিষয়ে পরবর্তীতে সংবাদকর্মীরা তার বক্তব্য জানতে চাইলে তিনি আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়েন। অশ্রুসজল চোখে তিনি বলেন:
”আমার জানামতে চাকুরিকালীন সময়ে আমি এমন কোনো ভুল বা অনিয়ম করিনি। এটি সম্পূর্ণ জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করে আমাকে ফাঁসানোর জন্য একটি গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। আমি এই নোংরা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি
নিজের সততা ও নির্দোষিতা প্রমাণে সাখাওয়াত হোসেন ফকির উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সুর্দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি এই ঘটনার পেছনে জড়িত চক্রটিকে খুঁজে বের করতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর






