শিরোনাম :
পুটিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারে সেবা গ্রহীতাদের প্রতিবাদ
-
শিবপুর প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আলতাফ হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ইউনিয়ন পরিষদের একাধিক সেবা গ্রহীতা। তাদের দাবি, রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে তোলা পুরোনো কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করে একজন দক্ষ ও সৎ কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মো. আলতাফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য ও প্রচারণা দেখা যায়, যেখানে বিগত আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের সঙ্গে তার কয়েকটি ছবি ব্যবহার করা হয়েছে।
এ বিষয়ে সেবা গ্রহীতারা ক্ষোভ প্রকাশ করে বলেন,
”তিনি একজন সরকারি আমলা। সরকারি নিয়ম অনুযায়ী যখন যে সরকার ক্ষমতায় আসবে, প্রশাসনের স্বার্থে সেই সরকারের জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের সাথেই ওনাকে কাজ করতে হবে—এটাই স্বাভাবিক। দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে দাপ্তরিক ও সামাজিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে গিয়ে অনেকের সঙ্গেই ছবি তোলার ঘটনা ঘটেছে। শুধু ছবি দেখিয়ে একজন সরকারি কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা কর্মকাণ্ড নির্ধারণ করা মোটেও সমীচীন নয়।”
স্থানীয়রা আরও জানান, ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকার পলায়নের পর যখন চারিদিকে এক অস্থির পরিবেশ তৈরি হয়েছিল, তখনও মো. আলতাফ হোসেন পুটিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সাথে নিয়ে সম্পূর্ণ সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সাথে ইউনিয়নবাসীকে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। কোনো ধরনের সংকটের প্রভাব তিনি ইউনিয়ন পরিষদের কার্যক্রমে পড়তে দেননি।
সেবা গ্রহীতারা বলেন,
পুটিয়া ইউনিয়ন পরিষদে সেবা নিতে গিয়ে মো. আলতাফ হোসেনের কাছ থেকে সবসময় আন্তরিক সহযোগিতা পাওয়া গেছে।
তার চমৎকার আচরণ, দায়িত্বশীলতা ও দ্রুত সেবা দেওয়ার মানসিকতায় সাধারণ মানুষ অত্যন্ত সন্তুষ্ট।
একজন পেশাদার প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
তাদের অভিযোগ, অতীতে যারা ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম থেকে অবৈধ সুবিধা বা অনিয়ম করার সুযোগ পাননি, তারাই মূলত ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পেরে আলতাফ হোসেনের মান-সম্মান ক্ষুণ্ন করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এগুলো ভাইরাল করছে। কিছু কুচক্রী মহলের এমন কর্মকাণ্ড মোটেও ঠিক নয় এবং তীব্র নিন্দনীয়।
সেবা গ্রহীতারা আরও জানান, মো. আলতাফ হোসেন দীর্ঘদিন ধরে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি পেশাজীবী সংগঠনের কার্যক্রমেও অত্যন্ত সক্রিয় ও জনপ্রিয়। তিনি নরসিংদী জেলা সচিব অ্যাসোসিয়েশনের নির্বাচিত সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
সচেতন মহলের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো সরকারি কর্মকর্তা বা ব্যক্তির বিরুদ্ধে এমন অপপ্রচার চালানো তার ব্যক্তিগত ও পেশাগত মর্যাদার জন্য মারাত্মক ক্ষতিকর। তাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এই অপপ্রচারের বিষয়ে মো. আলতাফ হোসেনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাকে পাওয়া যায়নি।
সর্বোপরি সেবা গ্রহীতারা উল্লেখ করেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, তবে তা সামাজিক যোগাযোগমাধ্যমে নোংরাভাবে অপপ্রচার না চালিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে তথ্যপ্রমাণসহ লিখিত আকারে জমা দেওয়া উচিত। তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়াই আইনি ও সঠিক পদ্ধতি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর






