মাধবদীর রয়েল আবাসিক হোটেলের নামে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, প্রশাসনের সুদৃষ্টি কামনা
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র মাধবদী শহরের “রয়েল আবাসিক হোটেল” এর সুনাম ক্ষুণ্ণ করতে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের কড়া নির্দেশনা মেনে সম্পূর্ণ বৈধ ও সুষ্ঠু উপায়ে ব্যবসা পরিচালনা করলেও একটি স্বার্থান্বেষী মহল হোটেলটির নামে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেছে হোটেল কর্তৃপক্ষ।
সরেজমিনে জানা যায়, এশিয়ার বিখ্যাত কাপড়ের হাট শেখ রাসেল বাবুরহাটের কারণে নরসিংদীর প্রাণকেন্দ্র মাধবদী শহরে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা আসেন। দূর-দূরান্ত থেকে আসা এসব কাপড় ব্যবসায়ী, চাকুরিজীবী, ব্যাচেলর ও স্বামী-স্ত্রীসহ নানা পেশার মানুষ নিরাপদ রাত্রি যাপনের জন্য মাধবদীর রয়েল আবাসিক হোটেলটিকে বেছে নেন।
হোটেল ম্যানেজারের সাথে কথা বললে তিনি জানান, “আমাদের হোটেলে কোনো ধরনের অনৈতিক বা অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হয় না। হোটেলের নিয়মাবলী অত্যন্ত কঠোর। দূর থেকে কোনো স্বামী-স্ত্রী আমাদের হোটেলে রাত্রি যাপনের জন্য এলে, আমরা তাদের প্রয়োজনীয় ও সঠিক কাগজপত্র এবং পরিচয় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করি। কাগজপত্র সঠিক ও বৈধ প্রমাণিত হলেই কেবল তাদের রুম বুঝিয়ে দেওয়া হয়, অন্যথায় আমরা কাউকে রুমে উঠতে দেই না। প্রশাসনের সকল নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করে আসছি।”
তিনি আরও বলেন, “এখানে ব্যাচেলর থেকে শুরু করে ফ্যামিলির জন্য অত্যন্ত নিরাপদ ও চমৎকার পরিবেশে রুম ভাড়া দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয়, কিছু কুচক্রী মহল আমাদের ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে আমাদের হোটেলের নাম ভাঙিয়ে মিডিয়াসহ বিভিন্ন জায়গায় মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। আমরা এই উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
হোটেলটির সুনাম ও নিরাপত্তা বজায় রাখতে এবং এই কুচক্রী মহলের ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছে রয়েল আবাসিক হোটেল কর্তৃপক্ষ।






