নরসিংদীতে রেস্টুরেন্টের গোপন কক্ষে অশ্লীলতার অভিযোগ: ‘শখের হাড়ি’ সিলগালা, জরিমানা
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর নাগরিয়াকান্দী চরাঞ্চল ব্রিজ এলাকার ‘শখের হাড়ি’ রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে রেস্টুরেন্টটির ভেতরে গোপন কক্ষ তৈরি করে অসামাজিক ও অশ্লীল কার্যকলাপ চালানোর অভিযোগে আজ বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটির নেতৃত্ব দেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার।
প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে, নাগরিয়াকান্দী চরাঞ্চল ব্রিজ সংলগ্ন ‘শখের হাড়ি’ রেস্টুরেন্টটিতে খাবারের ব্যবসার আড়ালে তৈরি করা হয়েছে গোপন কক্ষ। সেখানে টাকার বিনিময়ে যুবক-যুবতীদের অনৈতিক ও অশ্লীল কর্মকাণ্ডের সুযোগ করে দেওয়া হতো। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে সেখানে আকস্মিক অভিযান চালানো হয়।
অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই সাথে প্রতিষ্ঠানটি সিলগালা করার ঘোষণা দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার সাংবাদিকদের জানান, “খাবারের হোটেলের আড়ালে যারা এই ধরনের অপকর্মের সঙ্গে জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এলাকার পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল রাখতে পর্যায়ক্রমে এই অঞ্চলের প্রতিটি রেস্টুরেন্টে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এই চরাঞ্চলকে অপরাধমুক্ত করতে দ্রুত বাকি রেস্টুরেন্টগুলোতেও অভিযানের দাবি জানিয়েছেন।ঋয






