নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি মাখন দাস
মোস্তাক আহমেদ নিজস্ব প্রতিবেদক,
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মাখন দাস। বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে সম্প্রতি এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে এই দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন মাখন দাস। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, এই সম্মানজনক দায়িত্ব যেমন তার জন্য অত্যন্ত গৌরবের, তেমনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নে কাজ করার এটি একটি বড় সুযোগ।
তিনি আরও বলেন,
”বিদ্যালয়ের প্রতি আমার গভীর দায়বদ্ধতা ও ভালোবাসা রয়েছে। আমি অত্যন্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এই নতুন দায়িত্ব পালন করার চেষ্টা করবো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ঐতিহাসিক বিদ্যাপীঠটি আরও সমৃদ্ধ এবং শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”
নতুন এই দায়িত্ব সুচারুভাবে পালনের লক্ষ্যে তিনি বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট এলাকাবাসীসহ সকলের আন্তরিক সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
এদিকে মাখন দাস নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, তার দূরদর্শী নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা ও শৃঙ্খলায় আরও এগিয়ে যাবে।






