নরসিংদীতে কর্তব্যরত অবস্থায় মৃত পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার
মোস্তাক আহমেদ নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:
পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মহোদয়ের পক্ষ থেকে নরসিংদীতে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ১৮ মে নরসিংদী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকৃত পুলিশ সদস্যদের মনোনীত উত্তরাধিকারীদের হাতে এই নগদ অর্থ সহায়তা তুলে দেন নরসিংদীর পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
জানা গেছে, বিগত ২০২৫ সালে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারের ঈদ আনন্দ নিশ্চিত করতে এবং উৎসবের মুহূর্তে তাদের পাশে দাঁড়াতে আইজিপি মহোদয় এই বিশেষ আর্থিক সহায়তার উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে আজ আনুষ্ঠানিকভাবে এই অনুদান হস্তান্তর করা হয়।
আর্থিক অনুদান প্রদানকালে পুলিশ সুপার মৃত পুলিশ সদস্যদের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।






