শিবপুর উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটি ও সদস্যদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: ফারজানা ইয়াসমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নবগঠিত কমিটির সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এবং সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময়কালে ইউএনও মোছা: ফারজানা ইয়াসমিন সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিবপুরের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রমে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
অপরদিকে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনস্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবদুর রব শেখ মানিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল হোসেন আবিল। এ সময় প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা নুরুদ্দিন দর্জি, মোশাররফ হোসাইনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।






